কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শুক্রবার আসছেন পূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। সুমন প্রথমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আসছেন। নতুন ভবন ও ছাত্রবাস নির্মাণ, নতুন শিক্ষকের পদ সৃষ্টি ও বেহাত হওয়া কলেজের জায়গা উদ্ধারের দাবি শিক্ষকদের।

এতে বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

আগামীকাল শুক্রবার সকাল নয়টায় কলেজের ডিগ্রি শাখার জিয়া মিলনায়তনে ওই অনুষ্ঠান হবে। কলেজ প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা।

বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক বিভাগীয় প্রধান অধ্যাপক আমেনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে (মেডিকেল ও বিশ^বিদ্যালয়ে) ভর্তি হওয়া অন্তত ৩০০ জনকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া কলেজের উচ্চ মাধ্যমিকের ৫০ জন ও ডিগ্রি শাখার ৫৮ জনসহ ১০৮ জনকে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ গিয়ে দেখা গেছে, কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে। কলেজ প্রশাসন প্রস্তুতি সভা করছেন।

এ কলেজে ৩২ একর জায়গা আছে। শিক্ষার্থী সংখ্যা ২৯ হাজার ৯৮২ জন। শিক্ষক ১৭৫ জন। কর্মচারী ১৬৫ জন (সরকারি ও খন্ডকালীনসহ)। ২০ টি বিষয়ে অনার্স ও ১৮টি বিষয়ে মাস্টার্স আছে। নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের রাণীর দিঘিরপাড়ে উচ্চ মাধ্যমিক শাখা। উচ্চ মাধ্যমিক শাখা থেকে তিন কিলোমিটার পশ্চিমে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ধর্মপুর এলাকায় ডিগ্রি শাখা (অনার্স ও মাস্টার্স) ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত