বিগত সময়ে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার : মনিরুল হক চৌধুরী এমপি

বাসস, কুমিল্লা
Thumbnail image

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময় দেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। এ সেক্টরটি একবারে পচে গেছে। এখন শিক্ষাখাতকে বাঁচাতে হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। 

আজ শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এ কনসেপ্ট সরকারকে দেবো। এ নিয়ে আমি কুমিল্লায় শিক্ষক সমাবেশের আয়োজন করবো। এতে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। শিক্ষক সমাবেশে শিক্ষা মন্ত্রী ও  প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীও থাকবেন। সেখানে আপনারা সব দাবি তুলে ধরবেন।’

তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের উপর অনেক অবিচার করা হয়েছে। তারা নানাভাবে বঞ্চনার শিকার। বর্তমান বিএনপি সরকার প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভাবছে। তাদের সমস্যা সমাধানে কাজ করছে।

নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা বর্ণনা করে মনিরুল হক বলেন, ‘একজন শিক্ষক পারেন ছাত্রকে পরিবর্তন করতে। তার সুপ্ত মেধাকে বিকশিত করতে। স্কুলে আমি অঙ্কে ফেইল করতাম। আমার স্কুল জীবনে কোরবান আলী স্যার ছিলেন। স্যারের নার্সিংয়ে আমি মেট্রিক (এসএসসি) পরীক্ষায় অঙ্কে লেটার মার্কস পেয়েছি।’

তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে আমি কথা বলেছি, নতুন ডিজি আমাকে জানিয়েছেন, শিগগিরই বদলির বিষয়টি লোকাল প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন। জহুরেন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারসহ সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত