জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে মিছিল পূর্ব সমাবেশে কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

‎সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে। ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

‎অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টিকারী এ সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত