কুমিল্লা জিলা স্কুল, স্টেডিয়াম ও ঈদগাহ সড়কে কোমর পানি

৯১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে নাকাল কুমিল্লাবাসী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিকেল পাঁচটার পর আকাশ মেঘে ঢাকা। হঠাৎ মুষলধারে বৃষ্টি। টানা আধাঘন্টার বৃষ্টিতে নাকাল নগরবাসী। কিছু বুঝে ওঠার আগেই বাসা বাড়ি দোকানপাটে পানি ঢুকে ভোগান্তি দেখা দেয়। কুমিল্লা জিলা স্কুল, স্টেডিয়াম ও ঈদগাহ সড়কে কোমর পানি। ওই সড়কে যানবাহন পানিতে আটকা পড়ে। ঠেলা দিয়ে প্রাইভেটকার ও মিশুক নিচ্ছে চালক ও শ্রমিকেরা। গতকাল সোমবার আষাঢ়ের প্রথম দিনে কুমিল্লায় জলাবদ্ধতায় নাকাল হন নগরবাসী।

কুমিল্লা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান রাতে আমার শহরকে জানিয়েছেন, সোমবার বিকেলে ৯১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত কুমিল্লায় রেকর্ড করা হয়।

সরেজমিনে আজ সন্ধ্যায় কুমিল্লা সার্কিট হাউজের কোণা থেকে পায়ে হেঁটে রওয়ানা দিয়ে এ প্রতিবেদক দেখতে পান, ঈদগাহ এলাকার সামনের সড়কে পানি থইথই করছে। স্টেডিয়াম মার্কেটে পানি ঢুকেছে। এসপির বাংলোতে পানি। ফুটপাটেও পানি জমে আছে। স্টেডিয়াম ফটকে পানি। স্টেডিয়াম ফটকের পূর্ব পাশের ফোমের ও পর্দার দোকানের ভেতরে পানি। জিলা স্কুলের সামনের দোকান গুলোতেও একই অবস্থা। বেতের দোকানে পানি। কুটির শিল্পের তৈরি দোকানে পানি। নিউ মার্কেটের সামনের সড়কে পানি। নজরুল এভিনিউ সড়কে পানি।

ব্যবসায়ীরা বলেছেন, আতকা বৃষ্টিতে পানি জমে গেছে। মালামাল সরাতে পারিনি।

এদিকে কুমিল্লা ক্লাব আঙিনায়ও পানি থইথই করছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, নালাগুলো ময়লা আবর্জনায় ভরা। অনেক জায়গায় জনগণ পানি নামার পথ রুদ্ধ করে রেখেছেন। আমরা সেইগুলো পরিস্কার করছি। সোমবার অধিক বৃষ্টি হয়েছে। তাই জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত