প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জের মুখে বিএনপির তিন প্রার্থী

  • বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল
  • কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের আদেশ আজ
  • ঋণখেলাপির কারণে বাতিল মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

প্রার্থিতা নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন কুমিল্লার তিন বিএনপি প্রার্থী। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনের মাঠে থাকতে পারেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভোটের মাঠে থাকা নিয়ে তাঁরা নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন। তাঁদের বিশ্বাস, আইনি লড়াইয়ে শেষ সময়ে তাঁরা প্রার্থিতা ফিরে পাবেন।

দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করেছেন নির্বাচন কমিশন। গতকাল রোববার ওই মনোনয়নপত্র বাতিল করা হয়।

মো. আবদুল গফুর ভূঁইয়া আমেরিকার নাগরিক বলে তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। রোববার আপিলে ওই অভিযোগ মঞ্জুর করেছেন ইসি। তবে গফুর ভূঁইয়া এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

এদিকে বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) জণগণের উদ্দেশ্যে- সবাই যার যার মতো কাজ করুন। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আগামী দুই দিনের ভেতর হাইকোর্ট থেকে চূড়ান্ত রায় আসবে। আমাদের সকল কাগজপত্র রেডি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, হতাশ হওয়ার কিছু নাই।’

অপরদিকে আপিলেও প্রার্থিতা ফিরে পাননি কুমিল্লা-১০ আসনের আরেক প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বিএনপি প্রার্থী না হয়েও দলটির পক্ষে মনোনয়নপত্র জমা দেন। সে কারণে তাঁর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। গতকাল রোববার আপিলেও তাঁর মনোনয়ন বৈধতা পায়নি।

এদিকে কুমিল্লা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দীর্ঘ শুনানির পর ইসির আপিল বোর্ড এ সিদ্ধান্ত দেয়।

গতকাল রোববার সন্ধ্যার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন শুনানিতে এ ঘোষণা দেয় ইসি। এর আগে সকাল দশটা থেকে তালিকায় থাকা আবেদনের আপিল শুনানি শুরু হয়।

ইসির আপিল বোর্ড শুনানিতে বলে, আগামীকাল (আজ) সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।

এর আগে, একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউসুফ সোহেল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আবেদন করেছিলেন। কায়কোবাদের বিরুদ্ধে তুরস্কের নাগরিক হওয়ার অভিযোগ করা হয় ইসিতে।

এদিন, কায়কোবাদের পক্ষে আইনজীবী এবং আপিলকারীর পক্ষেও আইনজীবী উপস্থিত ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন এ সিদ্ধান্ত জানায়।

গত শনিবার বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২-এর অডিটরিয়ামে শুনানি শেষে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট থেকে নির্বাচন করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

ইসি সূত্র জানায়, কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল করা হয় নির্বাচন কমিশনে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত