ছেলের দা’র কোপে প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা নগরের চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় রেহানা বেগম (৫৫) নামের এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাঁর ছেলে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবুকে (২৭) গ্রেপ্তার করেছে।

রেহানা বেগম ওই এলাকার প্রয়াত মনিরুল ইসলামের স্ত্রী। গ্রেপ্তার রামিম ইসলাম বাবু, মনিরুল ও রেহানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে মাদকের টাকা না পেয়ে ঘরের ভেতর দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে রামিম। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, রামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মায়ের ওপর নির্যাতন করত। গতকাল রাত থেকেও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া ও অত্যাচার করছিল। আজ সকালে দা দিয়ে মাথায় কোপ দিলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায় জানান, ঘটনার পর অভিযান চালিয়ে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে রামিম ইসলাম বাবুকে আটক করা হয়েছে। পরে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর আনোয়ার বলেন, ছেলের দা’য়ের কোপে মারা যান মা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত