তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আজ শনিবার কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সচেতন হতে হবে। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্যও তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বিশ্ব এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে আমাদের সবাইকে হিসেব করে চলতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। আমাকে এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেগুলোর সঙ্গে দেশের প্রতিটি মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পর্কিত। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা চাই, যাতে দায়িত্ব পালন করে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারি।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল খন্দকার। কুমিল্লা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জুর পরিচালনায় কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত