তারেক রহমানের সঙ্গে ইয়াছিনের বৈঠকে বহিস্কৃত নেতা কায়সার উপস্থিত, দুইবারের সাবেক মেয়র সাক্কুর কি হবে?

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আজীবন বহিস্কৃত সাবেক সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারও উপস্থিত ছিলেন। কায়সার ইয়াছিনের শ্যালক।

বহিস্কারাদেশ প্রত্যাহারের আগে তারেক রহমানের সঙ্গে কায়সারের উপস্থিতি , সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সেই ছবি প্রকাশ নিয়ে কুমিল্লা জুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, ২০২২ সালের ১৫ জুনের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় কায়সারকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়। একই অভিযোগে একই দিনে টানা দুইবারের নির্বাচিত মেয়র মো. মনিরুল হক সাক্কুও আজীবন দল থেকে বহিস্কৃত হয়েছিলেন। বহিস্কৃত নেতা কায়সারকে নিয়ে ইয়াছিন দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তাহলে সাবেক মেয়র সাক্কুর কি হবে? তিনি কি দলে ফিরবেন? কবে ফিরবেন? ভোটের রাজনীতিতে সাক্কু কুমিল্লায় বড় ধরনের প্রভাবক ও নিয়ামক।

জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি কুমিল্লার আদি বিএনপি। বহিস্কারাদেশ মাথায় নিয়েই দলের সব কর্মসূচি পালন করে আসছি। কুমিল্লা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনির ভাইকে ( মনিরুল হক চৌধুরী) নিয়ে মাঠে আছি। আমার কি হবে , এটা দল জানে। ইয়াছিন বাদ গেছে, এটাই আসল কথা। এই সিট ( আসন) ধানের শীষের। আকবর ভাইয়ের ( সাবেক মন্ত্রী ও এমপি লে. কর্ণেল অব: আকবর হোসেন বীরপ্রতীক) পর এবারই আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে পেয়েছি। ইয়াছিন বাইত গেছে। তাঁর শালা আমার বিরুদ্ধে নির্বাচন করে ৩৪৩ ভোটে হারাইছে। আমি তো মেয়র নিয়া পইরা আছিলাম। তারা আমারে ডিস্টার্ব করেছে। এহন আমার বাসায় যায়। তোমার ( মেয়রের সহধর্মিনী) ভাবিরে ধরে। আমার লগে আছিলো টিপু, সেও ওদের পক্ষ নিয়া যায়। বলে অতীতে ভুল অইছে। ’

দলে ফেরা প্রসঙ্গে টানা দুইবারের নির্বাচিত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন,‘ এটা দলের ব্যাপার। আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। দল দেখবে। আমি আমার কাজ করছি। রাজনীতিতে আঁতকা ওডন যায় না। এডা র্দীঘমেয়াদি কাজ। এহন কারে নিয়ে চেয়ারম্যান সাহেবের লগে গেছে, এডা দল দেখবে। দলের সাংগঠনিক নিয়ম আছে।’ দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ( দলীয় নির্দেশনা অমান্য করে ২০২২ সালের ১৫ জুন মেয়র পদে নির্বাচন করায় আজীবন বহিস্কৃত) সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। ওই বৈঠকের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইয়াছিন।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে দেওয়া হয় আজ। এতে উল্লেখ করা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা অধিভুক্ত সকল সংসদীয় আসনে নির্দেশক্রমে আপনাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তাঁকে কুমিল্লা জেলার ছয়টি আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, সাক্কু দলের নিবেদিতপ্রাণ নেতা। মাঠে কাজ করছেন। দলের ত্যাগী নেতা। পুরো নির্বাচনী এলাকায় তাঁর ভোট আছে। দেশের এই ক্রান্তিলগ্নে দল সব কিছু বিবেচনা করেই এগিয়ে যাচ্ছে। সাক্কুর রাজনৈতিক কার্যক্রম দলের হাইকমান্ড অবগত। দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদেরও প্রচেষ্টা আছে। দেশ গড়তে এখন ঐক্যবদ্ধ বিএনপি দরকার। সবাইকে নিয়ে আমরা দল করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত