টাকার দাবিতে স্বামীর নির্যাতনের অভিযোগ

বিয়ের চার মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনা উপজেলায় টাকার দাবিতে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বাবার বাড়িতে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে চান্দিনা থানায় এজাহার দায়ের করেছেন নিহতের ভাই।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মহিচাইল গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে উম্মে হানীর (২১) সঙ্গে প্রায় চার মাস আগে একই উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহজামান ওরফে রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা কুমিল্লার নাজিরাবাজার এলাকায় বসবাস করতেন। মৃত্যুর সময় উম্মে হানী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই শাহজামান ওরফে রুবেল স্ত্রীর কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে উম্মে হানীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতনের ধারাবাহিকতায় গত গত রোববার বাবার বাড়ি মহিচাইলে বেড়াতে আসার পর স্বামীর সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়ির একটি কক্ষে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন নিহতের ভাই রিয়াজ ইসলাম জয় বাদী হয়ে স্বামী শাহজামান ওরফে রুবেলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনাসহ সংশ্লিষ্ট ধারায় চান্দিনা থানায় এজাহার দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত