চান্দিনার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসচাপায় মা ও শিশু নিহত

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী শিশু দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায়, ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামের একটি লোকাল বাস থেকে অজ্ঞাত ওই নারী তাঁর পাঁচ বছর বয়সী শিশুকে কোলে নিয়ে নামেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের একটি বাস তাদের দুজনকে চাপা দেয়। পরে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন , দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত