হত্যা মামলায় আওয়ামী লীগ নেতার আত্মসমর্পণ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ রুবেল হত্যা মামলায় আসামি আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান খোকন(৫২) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ মঙ্গলবার তিনি কুমিল্লা ৪ নং আমলি আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে গেলে শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মো. মিজানুর রহমান খোকন দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে নিহতের মা হোসনেয়ারা বেগম কুমিল্লার আদালতে এবং স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম কুমিল্লার আদালতে বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।

উভয় মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদসহ মোট ১২০ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হয়।

মিজানুর রহমান খোকন আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় ৭১নং এজহারনামীয় আসামি ছিলেন বলে জানা যায়।

এ ব্যপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলার আসামি মো. মিজানুর রহমান খোকন আদালতে আত্মসমর্পণ করার বিষয়ে আমার জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত