মুরাদনগরে ‘হ্যাঁ’ ভোটের প্রচার গাড়িতে মাইকে ঘোষণা দিয়ে হামলা

মুরাদনগর প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারকালে জামায়াত ইসলামী সমর্থিত একটি প্রচার গাড়িতে মাইকে ঘোষণা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নহল চৌমুহনী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— ইমরান নাজির, মুহিবুল্লাহ, আব্দুর রহিম, আকাশ আহমেদ ও সাকিব। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।

জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী জানান, হ্যাঁ ভোটের প্রচার কার্যক্রম চলাকালে পরিকল্পিতভাবে মাইকে ঘোষণা দিয়ে বিএনপির লোকজন হামলা চালায়। এতে তাদের ৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাছান সিটন বলেন, আমাদের কোনো লোক এ হামলার সঙ্গে জড়িত নয়। জামায়াতে ইসলামী নিজেরাই ঝামেলা সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে। পরে কে বা কারা মাইকে ঘোষণা দিছে বলতে পারি না।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত