বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মামুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৭: ২৪
Thumbnail image

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অতিরিক্ত মহাপরিচালক হয়েছেন আবদুল্লাহ আল মামুন। তিনি বার্ডের পরিচালক পদ থেকে পদোন্নতি পেয়েছেন।

গত ২৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৬ আগস্টের ৪৬তম সভার সুপারিশ প্রধানমন্ত্রী ২৩ আগস্ট অনুমোদন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়।

বার্ড সূত্রে জানা গেছে, গত দেড় বছর ধরে বার্ডের অতিরিক্ত মহাপরিচালক পদটি শূন্য।

১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর সহকারী পরিচালক পদে আবদুল্লাহ আল মামুন যোগদান করেন। তিনি বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) পদে বর্তমানে কর্মরত আছেন।

তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ওরাইন গ্রামে। তিনি ১৯৮৪ সালে বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। ১৯৮৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তাঁর সহধর্মিণী সোনালী ব্যাংকের এজিএম ও বার্ড শাখায় কর্মরত। তাঁর এক ছেলে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে অধ্যয়নরত।

জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, আগামীকাল (আজ মঙ্গলবার) যোগদান করব। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত