ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় দুই হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে আটজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বোর্ডের অধীন ছয় জেলার মোট ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২ হাজার ৭৯৫ জন পরীক্ষায় অংশ নেয়। ফলে দুই হাজার ৩৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৭৪ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো- কুমিল্লায় ৭৪৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন, চাঁদপুরে ২১৪ জন, ফেনীতে ১৮০ জন, নোয়াখালীতে ৫৮২ জন এবং লক্ষ্মীপুরে ২৬৪ জন।

অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনজন,নোয়াখালী জেলায় একজন এবং ফেনী জেলায় একজনসহ মোট আটজন পরীক্ষার্থীকে বিভিন্ন কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ জানান, বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে তৃতীয় দিনের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত