আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৬: ৫৫
Thumbnail image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন।

আগামী ৮ ডিসেম্বর ফজলুর রহমানের একা‌ডে‌মিক সা‌র্টিফি‌কেট ও বার কাউন্সি‌লের সা‌র্টিফি‌কেটসহ স্বশ‌রীরে উপ‌স্থিত হ‌য়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

২৬ নভেম্বর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে ৮ ডিসেম্বর স্বশরীরে হাজির হতে হবে তাঁকে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করার কারণে ২৬ অগাস্ট বিএনপি তাঁর প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে।

৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে রয়েছে ফজলুরের নাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগ ছেড়ে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন। প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত