ইরানে স্কুলে প্রাণঘাতী হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

ইরানের একটি বালিকা বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, যুক্তরাষ্ট্র যে তদন্তের ঘোষণা দিয়েছে, তা দ্রুত সম্পন্ন করা প্রয়োজন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আল জাজিরার খবর অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৭৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

জেনেভায় সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

তুর্ক বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তদন্তের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে। এখন প্রয়োজন সেই তদন্ত খুব দ্রুত সম্পন্ন করা এবং এর মাধ্যমে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা। একই সঙ্গে ভুক্তভোগীদের জন্য প্রতিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, মিনাবে ঘটে যাওয়া এই হামলার ঘটনা মার্কিন সামরিক বাহিনী তদন্ত করছে।

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, গত শনিবার ইরানের ওই বালিকা বিদ্যালয়ে যে হামলায় বহু শিশু নিহত হয়েছে, তার জন্য সম্ভবত মার্কিন বাহিনী দায়ী হতে পারে। তবে তদন্ত এখনো শেষ হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্তেও পৌঁছানো যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।

তদন্ত সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। যেমন—এই প্রাথমিক মূল্যায়নে কী ধরনের প্রমাণ পাওয়া গেছে, হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কেন ওই স্কুলে হামলা হতে পারে—এসব বিষয়ও পরিষ্কার নয়।

স্পর্শকাতর সামরিক বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে বলেন, নতুন কোনো প্রমাণ সামনে এলে যুক্তরাষ্ট্র দায়মুক্তিও পেতে পারে এবং অন্য কোনো পক্ষের সম্পৃক্ততার বিষয়ও উঠে আসতে পারে।

জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি দাবি করেছেন, হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

রয়টার্সের প্রশ্নের জবাবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স বলেন, ঘটনাটি তদন্তাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা অনুচিত।

এ বিষয়ে সরাসরি মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তর বর্তমানে বিষয়টি তদন্ত করছে। তার দাবি, ইরানের শাসকেরা নিজেদের বেসামরিক নাগরিক ও শিশুদের লক্ষ্যবস্তু করছে, যুক্তরাষ্ট্র তা করছে না।

এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় গত মঙ্গলবার এই হামলার ঘটনায় তদন্তের আহ্বান জানায়। তবে স্কুলে হামলার জন্য কারা দায়ী—সে বিষয়ে তারা কোনো পক্ষকে সরাসরি অভিযুক্ত করেনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত