ইরান যুদ্ধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়া

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

ইরানে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর্যবেক্ষণ করেন।

আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে ডেস্ট্রয়ার চোয়ে হিয়ন থেকে সমুদ্র-থেকে-ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং হয়। কিম এই পরীক্ষা নতুন যুদ্ধজাহাজের ক্ষমতার ‘মূল’ অংশ হিসেবে বর্ণনা করেন এবং এটাকে উত্তর কোরিয়ার ‘নৌ প্রতিরক্ষার নতুন প্রতীক’ হিসেবে অভিহিত করেন।

কিম জং উন আরও যুদ্ধজাহাজ নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, তার নৌবাহিনী পারমাণবিক অস্ত্র গ্রহণের ক্ষেত্রে অগ্রগতি করছে।

তিনি আরও বলেন, ‘আমাদের নৌবাহিনীর জলরেখার উপরে ও নিচে থেকে আক্রমণের সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজ সন্তোষজনক অগ্রগতি দেখাচ্ছে।’

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএর তথ্য মতে, গত মঙ্গলবার ও বুধবার কিম ন্যাম্পো শিপইয়ার্ডে দুইদিনের সফরে চোয়ে হিয়ন যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। এটি ৫ হাজার টনের নতুন ‘চোয়ে হিয়ন-ক্লাস’ ডেস্ট্রয়ার সিরিজের প্রথম জাহাজ। সিরিজের অন্য জাহাজগুলো বর্তমানে নির্মাণাধীন।

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত শনিবার থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র : আল-জাজিরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত