তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ইয়াছিন, পেলেন দক্ষিণ কুমিল্লার ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন ।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় বিএনপির গুলশান কার্যালয়ের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইয়াছিনসহ চার নেতার এক বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ইয়াছিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

তাঁদের ভাষ্য, ১৭ বছর পর ভোট দেওয়ার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সময়ে ধানের শীষে ভোট দিতে না পারলে মনটা খারাপ হতো। দল, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনকে দেওয়া হয় আজ। এতে উল্লেখ করা হয়, কুমিল্লা দক্ষিণ জেলা অধিভুক্ত সকল সংসদীয় আসনে নির্দেশক্রমে আপনাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সমন্বয়ক হিসেবে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ( দলীয় নির্দেশনা অমান্য করে ২০২২ সালের ১৫ জুন মেয়র পদে নির্বাচন করায় আজীবন বহিস্কৃত) সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। ওই বৈঠকের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইয়াছিন।

জানতে চাইলে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ইয়াছিন ভাই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। তাঁকে কুমিল্লা জেলার ছয়টি আসনের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সবাই ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত