বার্ডে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় আজ মঙ্গলবার সকালে এক শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি বার্ড ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এবারের স্বাস্থ্য দিবসের শ্লোগান হল টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স ( স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ)’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) টিমের মূল ফোকাল পয়েন্ট পল্লী সমাজতত্ত্ব বিভাগের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান । এছাড়াও বার্ডের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগণ, চলমান বুনিয়াদি ও বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রতিনিধিরা, বার্ড মডেল স্কুলের (মাধ্যমিক শাখা) শিক্ষার্থীবৃন্দ এবং বার্ডে ইন্টার্নশীপরত শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য অনেকাংশে ব্যক্তির নিজস্ব জীবনযাপন পদ্ধতির ওপর নির্ভরশীল। সঠিক খাদ্যাভাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনধারা গড়ে তুলতে পারলে নন-কমিউনিকেবল রোগসমূহ নিয়ন্ত্রণ করা সম্ভব, যা দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যয় হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাজী সোনিয়া রহমান তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিপাদ্য অনুযায়ী সুস্থ জীবনযাপনের জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি। নন-কমিউনিকেবল রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

শোভাযাত্রাটি বার্ডের কার পোর্চ থেকে শুরু হয়ে একাডেমির সার্কুলার রোড প্রদক্ষিণ করে পুনরায় কার পোর্চে এসে শেষ হয়। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত