নগরবাসীর পাশে ‘আমার কুমিল্লা’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সিটি করপোরেশনের নাগরিকদের দ্রুত সেবা দিতে চালু হয়েছে ‘আমার কুমিল্লা’ নামে একটি নতুন অ্যাপ। অ্যাপটি চালু হওয়ার মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের কার্যক্রমে আরও স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা।

গতকাল সোমবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঘটা করে অ্যাপটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও নগরভবনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্বে জানানো হয় এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানাতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। ছবি তুলে অভিযোগ জমা দিলেই স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড ও অবস্থানের তথ্য যুক্ত হয়ে যাবে।

‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা রাস্তাঘাটের সমস্যা, ড্রেন ও জলাবদ্ধতা, ডাস্টবিন, রাস্তার ময়লা, পানি সরবরাহ, সড়কবাতি, পয়ঃনিষ্কাশন, মশার উপদ্রব, অবৈধ স্থাপনা, টেন্ডারের কাজসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগের অগ্রগতিও অ্যাপের মাধ্যমে দেখা যাবে। সমস্যা সমাধান হলে নাগরিকের মোবাইলে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজে কত টাকা ব্যয় হচ্ছে, তা এলাকাভিত্তিক বিস্তারিতভাবে দেখার সুযোগ রাখা। ফলে কোনো এলাকায় কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ ও ব্যয় হচ্ছে, সে তথ্য জনগণের কাছে উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে টেন্ডার ও উন্নয়নকাজে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জনগণের করের টাকা কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার সুযোগ তৈরি হবে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে সেবাদানকারী প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে হবে। অভিযোগ জানানোর পাশাপাশি তার অগ্রগতি ও নিষ্পত্তির বিষয়টি নাগরিকরা সরাসরি জানতে পারলে সেবার ক্ষেত্রে জবাবদিহিতা আরও বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার বলেন, নাগরিকরা যাতে সহজে তাদের সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন এবং সমস্যার সমাধান কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে জনগণের জানার সুযোগ থাকলে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতেই ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের আর সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না। ছবি তুলে অভিযোগ জানালেই সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাধানের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, শুধু অভিযোগ গ্রহণ নয়, সমস্যা সমাধানে কত সময় লাগছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাসময়ে কাজ করছেন কি না, সেটিও এই ব্যবস্থার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি উন্নয়ন ও সংস্কারকাজে ব্যয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখার মাধ্যমে সিটি করপোরেশনের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের করের টাকা কোথায় ব্যয় হচ্ছে, সেই তথ্য জানার অধিকার জনগণের রয়েছে।

নতুন এই ব্যবস্থায় নাগরিকদের একবার মোবাইল নম্বর দিয়ে প্রবেশ করতে হবে। মোবাইলে পাঠানো কোডের মাধ্যমে প্রবেশ করা যাবে, আলাদা কোনো পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এরপর সমস্যার ছবি তুলে সংশ্লিষ্ট ওয়ার্ড নির্বাচন করে অভিযোগ জমা দেওয়া যাবে। অভিযোগের সঙ্গে অবস্থানের তথ্যও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।

অভিযোগ জমা হওয়ার পর নির্ধারিত কর্মকর্তা সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব পাবেন এবং সমাধানের জন্য সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে অভিযোগটি স্বয়ংক্রিয়ভাবে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চলে যাবে। সেখান থেকেও নির্ধারিত সময়ে সমাধান না হলে বিষয়টি সরাসরি প্রশাসকের নজরে যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করবেন প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক- সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, নাগরিকদের সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সিটি করপোরেশনের কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত