নিমসারে হঠাৎ আ.লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় আজ হঠাৎ ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আজ রোববার সকাল ৭টার দিকে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় এ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন।

মিছিল করার বিষয়টি স্বীকার করে যুবলীগ নেতা জালাল উদ্দিন জানান, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিমসার বাজারের পশ্চিম পাশে মিছিল করেছি।

জানা গেছে, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোরবেলা থেকেই মিছিলটি করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। তারপর সকাল ৭টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় মিছিলটি করে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সী বলেন, আওয়ামী লীগ গোপনে মিছিল করেছে। আমাদের সংসদ সদস্য জসিম উদ্দিন ভাই এবং বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আর প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদের কাছে জানতে চাইব।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, পরে পুলিশ যাওয়ায় দৌড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত