কুমিল্লায় আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

যত্রতত্র ভবন করা যাবে না: পূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আমরা মনে করি ভবন নির্মাণ করতে কেবল আর্কিটেকচার দিয়ে করলেই দায়িত্ব শেষ। এর বাইরে প্রকৌশলীদের কাজও রয়েছে। সব কিছুর সমন্বয়ে একটি ভবন দাঁড় করানো হয়। ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম কানুন মেনে করতে হবে। বিএনপি সরকারের তিন মাসের মধ্যে কুমিল্লায় দুইটি কাজ হয়েছে। একটি হলো কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যটি কুমিল্লা ওয়াসা। আমি আনন্দিত যে, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইনটি আমার হাত দিয়ে হয়েছে। গত ১৫ বছরে বিগত সরকার কুমিল্লার উন্নয়নে কোন কিছু করতে পারেনি। বিএনপি শুরু করেছে। দুই বছরের মধ্যে আগের সরকারের জঞ্জাল দূর করতে সময় লাগবে। এরই মধ্যে আমরা একটি লাইনে চলে আসব। শহর ও গ্রামে ভবন করতে গেলে জমির পরিমাপ, ছাড় দেওয়ার নিয়ম কানুন মানতে হবে। যত্রতত্র ভবন করা যাবে না।

আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরের শাকতলা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের আয়োজিত এক সেমিনার, সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।

আইইবির ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ মে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন: বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক, ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। অনুষ্ঠানে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও চব্বিশের জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ, রাজউকের চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ও জুলাই যোদ্ধা ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

প্রধান অতিথি জাকারিয়া তাহের বলেন, পুরো দেশের নগর নিয়ে বিএনপি পরিকল্পিত ভাবে কাজ শুরু করেছে। আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন ১৮ ঘণ্টার মতো কাজ করছেন। রাজধানীর ৩০০ ফুট থেকে বনশ্রী পর্যন্ত সড়ক করা হবে। প্রতিটি কাজই আমরা পরিকল্পিত ভাবে করতে চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত