কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র নিয়ে শিক্ষাবোর্ডের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

গতকাল সোমবার কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ শুরুর পূর্বে জলাবদ্ধতার কারণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি সম্পর্কে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা কর্তৃপক্ষ বক্তব্য দিয়েছেন।

আজ মঙ্গলবার রাতে কুমিল্লা শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সালাহউদ্দিন ও উপসচিব ( একাডেমিক) মুহাম্মদ আবদুল কাদির।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, আপনাদেরকে সদয় অবগত করছি যে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৬ এর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ১৯৩টি কেন্দ্র রয়েছে। তাদের মধ্যে কেবল কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বিগত ১৩ জুলাই ২০২৬ তারিখে অতি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীগণ কেন্দ্রে প্রবেশে বিড়ম্বনার শিকার হন। কলেজ ক্যাম্পাসে নির্মানাধীন মালামাল এবং প্রবেশপথে সৃষ্ট গর্তের কারণে ০১ (এক) জন পরীক্ষার্থী পানিতে পড়ে যায়। পরবর্তীতে তার অভিভাবক শুকনা কাপড় নিয়ে আসে এবং পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষা সম্পন্ন করে।

বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ:

১. ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনকে বিষয়টি অবহিত করলে প্রতিষ্ঠান দু'টি তাদের গাড়ি, নৌকা ও ভ্যান যোগে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর তাৎক্ষণিক ব্যবস্থা করেন।

২. শিক্ষাবোর্ডের পিক-আপ ভ্যান ব্যবহার করে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয়।

৩. শিক্ষাবোর্ডের ০৪ (চার) জন কর্মকর্তা কেন্দ্রে উপস্থিত থেকে সামগ্রিক কার্যক্রমে তদারকি, সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

৪. শিক্ষা মন্ত্রাণলয়ের নির্দেশক্রমে বিলম্বে কেন্দ্রে আসা ও সময় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় প্রদান করা হয়।

পরবর্তী ব্যবস্থা : পরীক্ষার্থীদের সামগ্রিক অসুবিধা বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে পরিবর্তিত পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবহিত করে নোটিশ দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

অতিবৃষ্টির কারণে শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একইসাথে ভবিষ্যতে এ ধরনের সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর সতর্ক থাকবে।

নকলমুক্ত ও মান সম্মত পরীক্ষা পরিচালনার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রশাসন ও শিক্ষাবোর্ডের সার্বক্ষণিক ভিজিলেন্স টিম মোতায়ন করার মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে। অথচ সকালের অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোমলমতি পরীক্ষার্থীগণ যে বিড়ম্বনার শিকার হয়েছে, তা নিরসনের জন্য জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস এবং শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এক শ্রেণির কনটেন্ট ক্রিয়েটর বিষয়টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সচেষ্ট রয়েছে। জাতির বিবেক সাংবাদিকবৃন্দকে বিষয়টির সত্য ভাষণ প্রচারের বিনীত অনুরোধ জানাই।

সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত