কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াসকে গ্রেপ্তারের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেপ্তারের পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শুক্রবার দুপুরে পিয়াসকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাদেকুর রহমান পিয়াসের বাড়ি কুমিল্লা নগরের ঝাউতলা এলাকায়। তিনি ওই এলাকার জালু মিয়ার ছেলে। পিয়াস কুমিল্লা—৬ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী। পিয়াস কুমিল্লা নগরের একজন ঠিকাদারও।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় পিয়াসের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ৯টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে। শুক্রবার বিকেলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, আদালতে হাজির করার পর এক নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, সাদেকুর রহমান পিয়াস ২০২৪ সালের ৫ আগস্টের পর গা ঢাকা দেন। এরপর তিনি বিদেশে অবস্থান করেন। দেশে ফিরেছেন আদালতে আত্মসমর্পণ করার জন্য। তার আগেই ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত