নানা আয়োজনে দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের বর্ষপূর্তি উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

‘সত্যের চেয়ে উচ্চতর ধর্ম নেই’- এই চিরন্তন আদর্শকে সামনে রেখে দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের ১৩৮তম বর্ষপূর্তি আজ বৃহস্পতিবার বিকেল চারটায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রতন আচার্য ও এডভোকেট নাজনীন কাজলের নেতৃত্বে একদল খুদে শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর সর্বজনীন প্রার্থনা করেন উত্তম বহ্নি সেন।

এরপর অন্তর মম বিকশিত করো- গান পরিবেশন করে পরম্পরার শিশু শিল্পীরা। প্রার্থনা সংগীত তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে পরিবেশন করেন অনুরাধা। এতে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী। কথা বলেন বিশিষ্ট আবৃত্তিকার কাজী মাহতাব সুমন। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান- নজরুল গীতি পরিবেশন করেন দেবোত্তম বহ্নি সেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দ্য থিওসোফিক্যাল সোসাইটির প্রেসিডেন্সিয়াল রিপ্রেজেনটেটিভ ফর বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী।

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন আমেরিকা ইউনাইটেড রিলিজিয়ন্স ইনিশিয়েটিভের বাংলাদেশ প্রতিনিধি, ধর্মতত্ত্ব গবেষক ও গ্রন্থকার ড. মোহাম্মদ আবদুল হাই। বিশেষ আলোচক ছিলেন এডভোকেট গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের আহবায়ক অধ্যক্ষ তাপস কুমার বকসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির সদস্য সচিব চন্দন দাস।

অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন হয় ‘এসো শ্যামল সুন্দর হে’ গানের সঙ্গে। আবৃত্তি করেন অমৃত লাল দত্ত।

আয়োজকরা জানান, মানবকল্যাণ, ভ্রাতৃত্ববোধ, আধ্যাত্মিক জাগরণ ও ধর্মীয় সম্প্রীতির আদর্শ প্রচার ও প্রসারের লক্ষ্যে সোসাইটিটি দীর্ঘ ১৩৮ বছর ধরে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত