ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ রোববার ভোররাত প্রায় ৩টার দিকে উপজেলার সাজঘর সাবের বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি ঔষধ ফার্মেসি ও একটি সেলুন দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শটসার্কিট থেকে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে। ভোররাতে শফিকুল ইসলাম নাইম নামের এক যুবক মসজিদে ইতেকাফে থাকা বাবার জন্য খাবার দিয়ে আসার পথে দোকানে আগুন দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকান দুটির ভেতরে থাকা সব মালামাল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মাঝে চরম হতাশা নেমে এসেছে।

ঘটনার খবর পেয়ে শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত