বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী হত্যাকাণ্ড

ভারতে পালানোর আগমুহূর্তে তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বুড়িচং উপজেলায় ডায়াপার ফেলা নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারী ফাহিমা আক্তার আখি হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পালানোর প্রস্তুতিকালে সীমান্ত এলাকা থেকে বুড়িচং থানা পুলিশ বিজিবির সহায়তায় তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান আসামী মো. সাইদুর রহমান (২৪), ২ নং আসামী শাফিউল জান্নাত প্রকাশ সিয়াম (১৯) ও ৪ নং আসামী শাহারিয়ার নাজিম জয় (১৯)। তাদের মধ্যে সাইদুর রহমান ও সিয়াম জগতপুর (নাগরবাড়ি), বুড়িচং উপজেলার বাসিন্দা এবং শাহারিয়ার নাজিম জয় আদর্শ সদর উপজেলার বাঁশমঙ্গল গ্রামের বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের পর তিনি নিজে এবং বুড়িচং থানার একাধিক পুলিশ সদস্য নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকায় পৌঁছানোর পর পরিস্থিতির কারণে বিজিবির সহায়তা নেওয়া হয়। পরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর সহযোগিতায় খাদলা বিওপির আওতাধীন পুটিয়া নামক স্থান দিয়ে ভারতে পালানোর ঠিক আগমুহূর্তে আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামলার এজাহারনামীয় এক, দুই ও চার নম্বর আসামি রয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আসামিদের নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হন তিনি।

এর আগে গত রোববার দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর (নাগরবাড়ি) গ্রামে ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ফাহিমা আক্তার আখিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

বুড়িচং থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত