বুড়িচংয়ে ৫ মাদকসেবীর কারাদণ্ড

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা নগরের তালপুকুরপাড় এলাকার কানুলাল দাসের ছেলে বিশ্বজিৎ দাস (৩৫), ঠাকুরপাড়া এলাকার বিজয় পালের ছেলে প্রীতম পাল (৩৫), তালপুকুরপাড় এলাকার মো. হির মিয়ার ছেলে মোহাম্মদ তৌসিফ (৩৫), মনোহরপুর এলাকার দিদারুল আলমের ছেলে সাইদুল আলম অপু (২৮) এবং পেয়ারাতলী এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ গোলাম রাব্বি (২৩)।

ওসি লুৎফর রহমান জানান, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার রাত ৯টার দিকে কুমিল্লা-বাগড়া সড়কের রাজাপুর ইউনিয়নের পাঁচড়া নূর মসজিদের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।

এ সময় হরিমঙ্গল থেকে কুমিল্লাগামী একটি মোটরসাইকেলে থাকা পাঁচ যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সেবন করে আসার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত