১১ দলীয় জোট ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে। আজ রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর মতো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলই নয়, গুণগত পার্থক্য রয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই ৫৪ বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই আসছে, তারা দুর্নীতি করেছে। সরকারের নামে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। কোনো কোনো সরকারের সময় বাংলাদেশ সারাবিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ১১ দলীয় জোটে বীরমুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে। আমরা আশা করি, এবার মানুষ ভালো মানুষদের ভোট দিবে। ১১ দলীয় জোট ক্ষমতা গ্রহণ করলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে চির দিনের জন্য স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হবে। নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।

শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মসলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ‎সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত