চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে আগুন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২১: ০১
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজে সৃষ্ট আগুনে শাখাওয়াত হোসেন রিপন নামে এক সিএনজি অটোরিকশাচালকের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের উত্তর পাড়ার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শাখাওয়াত হোসেন রিপন জানান, তাঁর স্ত্রী জেসমিন আক্তার অসুস্থ হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে মেয়ে এসএসসি পরীক্ষার্থী হাফসা আক্তার গ্যাসের চুলায় খাবার রান্না করছিল। ওই সময় গ্যাস সিলিন্ডারের রেগুলেটর ঠিকমতো লাগানো না হওয়ায় গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে যায়।

তাৎক্ষণিক ঘরে থাকা অসুস্থ স্ত্রী, শাশুড়ি ও মেয়েসহ স্বজনরা ঘর থেকে বের হতে সক্ষম হয়। আগুনের শিখায় ঘরে থাকা স্ত্রীর জন্য নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামালসহ আট লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বর্তমানে পুরো পরিবার পাশের এক স্বজনের ঘরে অবস্থান করছে।

বুদ্দি গ্রামের স্থানীয়রা বলেন, আগুনে সিএনজি অটোরিকশা চালক রিপনের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। সরকার ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাকে নতুন ঘর উপহার বা আর্থিক সহযোগিতা করা উচিত।

কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিবেশী ইকবাল হোসেন মজুমদার বলেন, সিএনজি অটোরিকশা চালক শাখাওয়াত হোসেন রিপনের স্ত্রী জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত। স্ত্রীর চিকিৎসায় নিজের ব্যবহৃত সিএনজি বিক্রি করে বর্তমানে সে ভাড়ায় অন্যের সিএনজি অটোরিকশা চালায়। স্ত্রীর চিকিৎসার ব্যয়ভার পরিশোধে অক্ষম হয়ে কিছুদিন আগে ঢাকার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। আকস্মিক আগুনে সব হারিয়ে রিপন এখন পথে বসার উপক্রম হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। কিন্তু ততক্ষণে সব পুড়ে যায়। স্থানীয়দের লোকজন ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হই, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত