মুদি দোকানে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় মুদি দোকানে বিক্রি হচ্ছে অকটেন-পেট্রোল। তাও আবার প্রতি লিটার ২০০ টাকা দরে। এমন এক দোকানের সন্ধান পেয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে উপজেলার চিওড়া নতুন বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি ও অতিরিক্ত মূল্য রাখার এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন।

তাৎক্ষণিক দোকান মালিক আবু রায়হান জুয়েলের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

জুয়েলের দাবি, ঈদের ছুটিতে দোকান বন্ধ থাকায় তেল জমা হয়েছে। তবে তিনি কোনো মজুদদার নন। এর আগে থেকেই তিনি বিভিন্ন সময় তেল বিক্রি করেছেন নিয়মিত দামে।

ইউএনও নুরুল আমিন বলেন, গোপন খবরে জানা যায়, দোকানটিতে ২০০ থেকে ২১০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি হচ্ছে। সেইসঙ্গে ওজনে তেল কম দেওয়ারও অভিযোগ পাওয়া যায়। অভিযানে বিষয়টি প্রমাণ পাওয়া গেলে ওই মুদি দোকানেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

খোলা বাজারে কোথা থেকে জ্বালানি তেল আসছে এমন প্রশ্নের জবাবে নুরুল আমিন বলেন, বিভিন্ন ডিলার ও সিন্ডিকেটের মাধ্যমে এসব তেল বাজারে পৌঁছায়। তবে কারা ফিলিং স্টেশন থেকে তেল কিনে এনে খোলা বাজারে বিক্রি করছে, তা নজরদারিতে রাখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত