বিচারিক ক্ষমতা ফিরে পেলেন বিচারপতি আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় এপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নান ছয় মাস পর আবারও বিচারিক ক্ষমতা ফিরে পেয়েছেন। আজ সোমবার সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকোর্টের কার্যতালিকা অনুযায়ী, বিচারপতি মো. আব্দুল মান্নান বর্তমানে বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন। কার্যতালিকায় বিচারিক এখতিয়ারসহ তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তাঁকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল। প্রায় ছয় মাস পর প্রধান বিচারপতি তাঁর বিচারিক ক্ষমতা ফিরিয়ে দিলেন।

জানা যায়, গত এপ্রিল মাসে বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি তাঁকে বিচারকাজ পরিচালনার জন্য নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখা এটা সম্পূর্ণ প্রধান বিচারপতির এখতিয়ার।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এপেক্স ক্লাবের অনুষ্ঠানে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। তিনি সেখানে বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত