কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনায় কোরবানির প্রকৃত শিক্ষা

সাজিদুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
Thumbnail image

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন। মুসলমানদের কাছে ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, দায়িত্ববোধ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত শিক্ষা। আরবি ‘আজহা’ শব্দের অর্থ ত্যাগ, উৎসর্গ বা কোরবানি। এ কারণেই এটি সাধারণ মানুষের কাছে ‘কোরবানির ঈদ’ নামেই অধিক পরিচিত। হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে উদযাপিত হয় এই উৎসব।

আসন্ন ঈদকে ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনায় উঠে এসেছে আত্মত্যাগ, অহংকার ও অন্যায়ের বিসর্জন, আল্লাহর নৈকট্য লাভের আকাক্সক্ষা, তাকওয়া অর্জনের প্রত্যয়, পারিবারিক সৌহার্দ্য, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের কথা। ঈদে পারিবারিক বন্ধন ও সৌহার্দ্যের প্রসঙ্গে আইন বিভাগের শিক্ষার্থী আতিয়া নৌরিন বলেন, ঈদ মানেই আনন্দ।

ঈদুল আজহায় যেমন ত্যাগের মহিমা রয়েছে, তেমনি পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ছোট ছোট কাজ ভাগাভাগি করে সম্পন্ন করার মধ্যেও থাকে এক অন্যরকম ভালোবাসা ও সম্প্রীতি। নতুন পোশাক পরা, কোরবানি, রান্নাবান্না, অতিথি আপ্যায়ন সবকিছু মিলিয়ে এই ঈদ পরিবারকে আরও কাছাকাছি নিয়ে আসে।

কোরবানির তাৎপর্য ও প্রভাব নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী তাওহীদ আহমেদ বলেন, কোরবানি শুধু পশু জবেহ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হজরত ইসমাইলের (আ.) আত্মত্যাগের মহান ইতিহাস ধারণ করে নিজের ভেতরের হিংসা, অহংকার ও অন্যায়কে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়। সহিহ নিয়তে দেওয়া কোরবানি আল্লাহর নৈকট্য লাভের একটি উত্তম মাধ্যম। পাশাপাশি কোরবানির মাংস সবার মাঝে বণ্টনের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হয়।

কোরবানির অন্তর্নিহিত শিক্ষা নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. জোবায়ের আহাম্মদ সাইমন বলেন, পবিত্র ঈদুল আজহা হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের স্মারক। এই কোরবানির মূল উদ্দেশ্য পশুর রক্ত বা মাংস নয়, বরং আল্লাহর প্রতি গভীর তাকওয়া ও খোদাভীতি অর্জন করা। মনের সব অহংকার বিসর্জন দিয়ে তাকওয়াভিত্তিক জীবন গড়াই এই ঈদের মূল শিক্ষা।

সামাজিক শৃঙ্খলা ও মানবিক সমাজ গঠনে কোরবানির গুরুত্ব তুলে ধরে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. সাইদুল ইসলাম বলেন, ঈদুল আজহা মানেই ত্যাগের আনন্দ। হোক তা পশু কোরবানি কিংবা নিজের ভেতরের পশুত্বের বিসর্জন। মানুষ যদি আল্লাহভীতির মাধ্যমে হত্যা, সহিংসতা, ছিনতাই কিংবা চাঁদাবাজির মতো অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে, তাহলে সমাজে কমে আসবে হিংসা ও অস্থিরতা। আনন্দ পৌঁছে যাবে ধনী-গরিব নির্বিশেষে সবার ঘরে।

ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে মানবিকতা, দায়িত্ববোধ ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা। ব্যক্তিগত আনন্দের গন্ডি পেরিয়ে এই উৎসব হয়ে উঠুক আত্মত্যাগ, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ চর্চার এক অনন্য উপলক্ষ, এমন প্রত্যাশাই জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত