কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Thumbnail image

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা, শিক্ষা ও সামাজিক অবস্থান, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজ রোববার বিকেল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী ও আদিবাসী ছাত্র সংসদের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, ‘আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি, আজকের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।’

আদিবাসী ছাত্র সংসদের সভাপতি উচিং মারমা বলেন, ‘আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটা সফল করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী বছর আজকের দিনে আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আদিবাসী দিবস পালনের পরিকল্পনা রয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত