কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২: ১৬
Thumbnail image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে প্রতিযোগিতা করছেন প্রায় ৯৬ জন ভর্তিচ্ছু।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা নগরী ও কোটবাড়ি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ মোট ১৭টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কুমিল্লা কেন্দ্রে পরীক্ষার্থী ২৪ হাজার ৯৯১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ১২ হাজার ৬২৩ জন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অভিভাবকদের কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও জানা যায়, তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। মোট ৮৯০টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য গড়ে ১০৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। ফলে চলতি বছরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম উচ্চ প্রতিযোগিতার বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, আজ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত