সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ করল ‘ভয়েজার এইড’

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত সামাজিক সংগঠন ‘ভয়েজার এইড’। সংগঠনটির উদ্যোগে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বহু অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন ঈদবস্ত্র ও ইফতার সামগ্রী। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মো. রেদোয়ান ইসলাম, ভয়েজার ইংরেজি মাধ্যম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সুমন সরকার, জনতা ব্যাংক দাউদকান্দির গৌরীপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, দাউদকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সমাজসেবার চেতনা জাগ্রত করাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের হৃদয়ে মানবতার বীজ বপন করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘ভয়েজার এইড’ ভবিষ্যতেও সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখবে। উপস্থিত অতিথিবৃন্দ এমন মহৎ উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।

উল্লেখ, ভয়েজার এইড বিগত ১২ বছর যাবৎ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ওই এলাকার আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত