ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

মাদকবিরোধী স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভরনপাড়া এলাকার সরকার বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো এক জমকালো ও রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আজ শনিবার বিকেলে ভরনপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় চক্রতলা স্পোর্টিং ক্লাব।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভরনপাড়া লায়ন এফসি ক্লাব এবং চক্রতলা স্পোর্টিং ক্লাব। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে চক্রতলা স্পোর্টিং ক্লাব, ফলে তারা শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পর্তুগাল প্রবাসী অলি উল্লাহ শাহআলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটি-এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওমর ফারুক মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল করিম সরকার।

অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের উৎসাহ দেন এবং এমন আয়োজনকে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। আয়োজক ভরনপাড়া যুব সমাজ জানায়, সুস্থ বিনোদন ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেওয়া হয়, যা ছিল টুর্নামেন্টের মূল ট্রফি। পুরস্কার গ্রহণের পর পুরো এলাকায় আনন্দ-উৎসব ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত