দাউদকান্দিতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফরহাদ হোসেন সুমন (২৫)। তিনি প্রাণ কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, তিশা প্লাস নামের একটি বাস তার মোটরসাইকেলকে চাপ দিলে ঘটনাস্থলেই ফরহাদ হোসেন মারা যান। এতে আহত হন সহকর্মী মোস্তফা। নিহত ফরহাদ হোসেন দাউদকান্দি উপজেলার পুটিয়া গ্রামের ফখরুল ইসলামের ছেলে।

নিহতের সহকর্মী শাকিল আহমেদ ও রবিউল ইসলাম বলেন, ফরহাদ হোসেন দীর্ঘ সাত বছর ধরে প্রাণ কোম্পানিতে কাজ করছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও নম্র চরিত্রের মানুষ। আজ কাজে বের হওয়ার পরই তার জীবন এমন করুণভাবে শেষ হয়ে গেল বলে জানান তারা। নিহত ফরহাদের দুই শিশু সন্তান রয়েছে-এক ছেলে ও এক মেয়ে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার জানান, অভিযুক্ত গাড়ির তথ্য পাওয়া যায়নি। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় মামলা প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত