চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়ল চোর

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

চুরি করতে বাসায় ঢুকে খাটের নিচে লুকিয়ে পড়ে এক চোর। লক্ষ্য ছিল ঘরের সবাই ঘুমিয়ে গেলে চুরি করে পালাবে। কিন্তু খাটের নিচে চোর নিজেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুমন্ত অবস্থায় হাত বেরিয়ে আসে খাটের বাইরে। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে ঘরের বাসিন্দা খাটের বাইরে একটি হাত দেখতে পান। খাটের নিচে ভালো করে তাকিয়ে দেখেন ঘুমিয়ে আছে এক ব্যক্তি। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে চোরকে খাটের নিচ থেকে বের করেন। দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টরের বাড়িতে গত সোমবার ভোরে এই ঘটনা ঘটে।

ঘটনাটির একটি ভিডিও ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, খাটের নিচে শুয়ে আছে এক ব্যক্তি। খাটের ওপর মশারির ভেতরে একটি শিশু ঘুমাচ্ছে। খাটের নিচে ঘুমিয়ে পড়া সেই ব্যক্তিকে ডেকে হয়রান হচ্ছেন কয়েকজন।

স্থানীয়রা জানান, চোর সোহেল মিয়া মুরাদনগর এলাকার বাসিন্দা। দাউদকান্দির বারোপাড়া ইউনিয়নের ইছাপুরা এলাকায় ভাড়া বাসায় থাকে। গত রোববার রাতে দক্ষিণ পেন্নাই গ্রামের বারেক কন্ট্রাক্টরের বাড়ির দ্বিতীয় তলার একটি বাসার রান্না ঘরের ‘এক্সজস্ট ফ্যান’ কেটে সেখান দিয়ে ভেতরে ঢোকে। ওই ভাড়া বাসায় এক নারী তাঁর দুই সন্তান নিয়ে বসবাস করেন। চোর সোহেল বাসাটিতে ঢুকে লোকজন সজাগ আছে দেখে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। ভোরে ফজরের নামাজ পড়তে ওঠেন সেই নারী। এ সময় খাটের বাইরে একটি হাত পড়ে থাকতে দেখে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে দেখেন, খাটের নিচে ঘুমিয়ে আছে চোর। পরে তাকে মারধর করে ছেড়ে দেন।

ইউপি সদস্য রকিব উদ্দিন বলেন, কয়েক দিন আগেও পাশের এলাকার একটি ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এই চোর। চোর স্বীকার করেছে, সে মাদকসেবী। চুরি করতে যাওয়ার আগে নেশা করে এসেছিল। তাই সে ঘুমিয়ে পড়েছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত