বিএনপি মহানবীর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করবে: ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে জাতির জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এটি গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি জনগণের প্রিয় দল। দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ধানের শীষে ভোট দিতে তিনি সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ড. মোশাররফ গতকাল শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে এইসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সদাজাগ্রত। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের মার খেয়েও গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা মাঠ ছাড়েনি। অসংখ্য নেতাকর্মী খুন, গুম, মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে থাকতে পারেনি। এখন সময় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই স্বপ্ন পূরণ করার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।

ড. মোশাররফ বলেন, বিএনপি সর্বদাই ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করছে। ইসলামী শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আলেম ওলামাদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মহানবী মুহাম্মদের (স.) নীতি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেমউদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান, আনোয়ার হোসেন চেয়ারম্যান প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত