মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানচাপায় শিশুর মৃত্যু

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৬, ২০: ২৫
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশুর প্রাণ গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আট বছর বয়সী মো. খালিদ হোসেন একই উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, পৌর এলাকার বাবুস সালাম নামের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি। পথে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সে। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর শিশুটির রক্তাক্ত লাশ তার বাবা নিয়ে যান।

বাবুস সালাম মাদ্রাসার শিক্ষক মো. আবু সাঈদ বলেন, মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে তাদের মাদ্রাসার দাপ্তারিক কাজ দেখাশোনার জন্য চাকরিতে যোগ দেন। এরপর থেকে খালিদও তার সঙ্গে নিয়মিত আসা-যাওয়া করত।

তিনি বলেন, সকালে মাদ্রাসার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খালিদ বাবা সঙ্গে এমনি মাদ্রাসায় যাতায়াত করলেও সে এখনও ভর্তি হয়নি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিশুটি ঘটনাস্থলে মারা গেছে। সেখানে পুলিশ পাঠিয়েছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত