হাসনাতের প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কা ভোট বর্জন করলেন

Thumbnail image

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী জসিমউদ্দীন। বিএনপি সমর্থিত এই প্রার্থী বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন।

ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর এবং রক্তাক্ত করার অভিযোগ আনেন জসিমউদ্দীন। তিনি বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টার অভিযোগও তোলেন তিনি।

জসিমউদ্দীন অভিযোগ করে বলেন, টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে। এমন পরিস্থিতিতে দেবিদ্বারের জনগণের সার্বিক স্বার্থ বিবেচনা করে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, এই আসনের আরেক প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সকাল ৮টায় দেবিদ্বারের গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেলা যত গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোব। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপির শাপলা কলি প্রতীকের এই প্রার্থী দাবি করেন, এখন পর্যন্ত তাঁর কাছে কোনো কেন্দ্রে কারিগরি বা প্রক্রিয়াগত জটিলতার খবর আসেনি।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি গণঅধিকার পরিষদ সমর্থিত প্রার্থী জসিমউদ্দীনকে সমর্থন দেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত