থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার দেবীদ্বার উপজেলা পরিষদ ইউএনও সভাকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মাটিখেকোরা আগে থেকেই পুলিশকে সময় জানিয়ে মাটি কাটে। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সরে পড়ে। এক-দুই লাখ টাকা জরিমানা তাদের কাছে ইনভেস্টমেন্টের মতো। এই খরচ তাদের গায়ে লাগে না। তাঁর দাবি, সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে এবং থানা পুলিশের কিছু সদস্য এতে জড়িত।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে গামতী নদীর বিভিন্ন স্পট পরিদর্শন করি। আমি যাওয়ার খবর তারা আগেই পেয়ে যায়। তাই কেউ মাটি কাটার সাহস করেনি।

প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে এমপি বলেন, দেবীদ্বারে যে পাঁচটি স্পট থেকে মাটি কাটা হয়, সেখানে আর এক কোদাল মাটিও যেন না কাটা হয়। আইন ভঙ্গ হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে—নইলে প্রশাসনের প্রশ্রয় রয়েছে বলেই ধরে নেওয়া হবে। এ ক্ষেত্রে পুলিশের দৃশ্যমান ও কার্যকর ভূমিকার ওপর জোর দেন তিনি।

দেবীদ্বার নিউ মার্কেট বাজার স্থানান্তরের বিষয়ে এমপি হাসনাত বলেন, সড়কের ডিভাইডারের মধ্যে দোকান বসানোর কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করে ব্যবসায়ীদের সেখানে আইনগতভাবে স্থানান্তর নিশ্চিত করতে হবে। আমরা সবাই মিলেমিশে দেবীদ্বারকে সুন্দর করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত