চিকিৎসা নিতে আসা মাকে অজ্ঞান করে শিশু অপহরণ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে এসে মা ও শিশু অপহরণের শিকার হয়েছেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত মা উদ্ধার হলেও ২৭ দিন বয়সী আফসা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত মায়ের নাম আকলিমা আক্তার (২৮)। তিনি দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

অপহৃতের ভাই শাহনুর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে আমার বোন দেবীদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের অটোরিকশা চালক মো. কামাল হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (২৮) তাঁর ২৭ দিন বয়সী শিশু আফসা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর ২-৩ জন লোক বলেন এখানে ভালো ডাক্তার নেই। অভিজ্ঞ ও ভালো শিশু বিশেষজ্ঞ দেখাতে হলে আপনি আমাদের সঙ্গে ডাক্তারের চেম্বারে আসুন। নানাভাবে ফুঁসলিয়ে মা-মেয়েকে হাসপাতাল থেকে বের করে মহাসড়কে ওঠার পর শয়তানের নিশ্বাস শুঁকিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এদিন বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় সেবা ‘৯৯৯’ নম্বর ফোনে বিষয়টি পুলিশকে অবহিত করলে দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে দেবীদ্বার থানা পুলিশের তাঁর স্বামী ও ভাইয়ের কাছে হস্তান্তর করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। কিন্তু সাথে থাকা তাঁর ২৭ দিন বয়সী শিশু কন্যার কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই ঘটনায় ভিক্টিমের স্বামী দেবীদ্বার থানায় অজ্ঞাতনামা ২-৩ জনকে অভিযোগ করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অজ্ঞান পার্টি, নাকি অপহরণকারীদের হাতে অপহৃত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিক্টিম মহিলাকে বৃহস্পতিবার বিকেলে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়ি সন্ধ্যার পর থানায় এনে তাঁর স্বামী ও ভাইকে বুঝিয়ে দেন। তবে শিশু কন্যাকে পাওয়া যায়নি। অপহরণের সময় মহিলার কাছে টাকা ও মোবাইল ফোনটি ছিল। আমাদের দুটি টিম শিশুটি উদ্ধার এবং ঘটনা অনুসন্ধানে মাঠে কাজ করছে। পথে পথে সিসি ক্যামেরা ফুটেজও চেক করা হচ্ছে। তদন্তের পূর্বে সঠিক কিছু বলা যাবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত