ফুল সজ্জিত ছাদখোলা গাড়িতে শিক্ষককে বিদায়

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

বিদ্যালয়ে সাজ সাজ রব। সকাল থেকে ব্যস্ততা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের। বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজানো হয়েছে। রং-বেরঙের ফুলে সাজানো মঞ্চে বসে আছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার প্রজাপতি ডি এল উচ্চবিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সাধন চন্দ্র দেবনাথ।

তাঁকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানাতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফুল সাজানো ছাদ খোলা গাড়িতে বিদায় জানানো হয় প্রিয় শিক্ষককে। ওই সময় গাড়ির পাশে হেঁটে চলেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষকের স্মৃতি মাড়িয়ে বিদায় দিচ্ছেন তারা। বিদায় বেলায় শিক্ষককে সম্মান জানাতে পেরে আনন্দিত তারা। বিদায়ের এই উৎসবমুখর আয়োজনে খুশি বিদায়ী শিক্ষক সাধন চন্দ্র দেবনাথ। ১৯৯১ সালে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন সাধন চন্দ্র দেবনাথ। ৩৫ বছর শিক্ষকতা শেষে আজ শনিবার বিদায় নেন তিনি।

প্রজাপতি ডি এল উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এই রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মামুনুর রশীদ আখন্দ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বড় শালঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল সরকার।

শিক্ষক সাধন চন্দ্র দেবনাথ বলেন, কখনও ভাবিনি এমন রাজকীয় আয়োজনে আমাকে বিদায় জানানো হবে। কর্মজীবনের শেষ প্রান্তে এসে সবার এই অকৃত্রিম ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত