দুই কারণে তিতাসের বলরামপুরে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী মতিনের অনুসারীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-২ ( হোমনা ও তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আগুনে অফিসের নির্বাচনী প্রচারণার ব্যানার পুড়ে যায়। অফিসে দা দিয়ে কোপ দেওয়া হয়। এতে বেগম খালেদা জিয়ার ব্যানার কুপিয়ে দেওয়া হয়।

গতকাল রোববার মধ্য রাতের পর যেকোন সময়ে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, স্বতন্ত্র প্রার্থী এপিএস আব্দুল মতিনের অনুসারীরা এই কাজ করেছেন। আমরা এর বিচার চাই। অন্যথায় আবদুল মতিনকে এর জন্য চরম মূল্য দিতে হবে। দুইটি কারণে অগ্নিসংযোগ দেওয়া হয়। একটি হল কামাল উদ্দিন চেয়ারম্যান হত্যার তদন্ত ও এক বিএনপি নেতাকে বহিস্কার।

বলরামপুর ইউনিয়ন বিএনপির অন্তত তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক বছর আগে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন মাছিমপুর বাজারে বসবাসরত কামাল উদ্দিন চেয়ারম্যানকে গুলি করে ও টেটা দিয়ে হত্যা করা হয় দুপুরের দিকে। এরপর লাশ তিল ক্ষেতে ফেলে রাখা হয়। ওই হত্যার বিচার এখনও পায়নি কামালের পরিবার। গতকাল রোববার বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ওই এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এতে তিনি বলেন, বলরামপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান কামাল হত্যাকাণ্ডের বিষয়টি পুনরায় তদন্ত করা হবে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। কামাল বিএনপির পরীক্ষিত নেতা ছিলেন। সাবেক চেয়ারম্যানও ছিলেন। বিএনপি ক্ষমতায় এলে তাঁর বিচার দ্রুত হবে। অপরাধীদের আর কোন অপরাধ তিতাসে করতে দেওয়া হবে না। এরপর একটি মহল তাঁর উপর ক্ষুব্ধ হন।

এছাড়া বিএনপি প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় স্বতন্ত্র প্রার্থী এপিএস আব্দুল মতিনের সমর্থক বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তপন ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়েও ক্ষুব্ধ হন দলের একটি মহল।

বিএনপির নেতাকর্মীদেও ভাষ্য এই দুইটি ঘটনার পর গভীর রাতে সেলিম ভূঁইয়ার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান লিটন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গতকাল রাতে ঘটনাস্থলে যাই। সেখানে একটি কেরোসিনের বোতল পাওয়া গেছে। আমাদের প্রত্যক্ষ ধারণা, গতকাল বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তপন ভূঁইয়াকে বহিষ্কার এবং প্রয়াত চেয়ারম্যান কামাল হত্যাকাণ্ড পুনরায় তদন্তের কথা বলায় ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে।

বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এগুলো আবদুল মতিনের অনুসারীদের কাজ। আমি নির্বাচিত হলে তিতাসে শান্তি ফিরিয়ে আনব। তিতাস কোন সন্ত্রস্ত এলাকা হবে না।

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিস্কৃত মো. আবদুল মতিন বলেন, আমার জনপ্রিয়তা দেখে বিএনপির প্রার্থী অসত্য অভিযোগ করছেন। আমার এলাকায় আমার লোকজন আগুন দেবে কেন?

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, পুলিশ বিষযটি তদন্ত করে দেখছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত