গুরুতর চোটে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ রদ্রিগোর

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের জন্য বড় ধাক্কা। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রদ্রিগো। ক্লাবের হয়ে বাকি মৌসুমে এবং আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। ইউরোপের সফলতম ক্লাবটি এক বিবৃতিতে ২৫ বছর বয়সী এই ফুটবলারের চোটের কথা জানায়।

পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর গত সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রদ্রিগো। লা লিগার ম্যাচটিতে ৫৪তম মিনিটে বদলি নামানো হয় তাকে। ৬৬তম মিনিটে বাম উইংয়ে প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানালে আরও দ্রুত এগোতে গিয়েই বিপত্তি বাধান তিনি। ব্যথা থাকলেও অবশ্য শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান এই তারকা।

পরদিন পরীক্ষায় তার গুরুতর চোট ধরা পড়েছে। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানিয়েছে, রদ্রিগোর ডান পায়ের সামনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। সেরে উঠতে কতদিন লাগতে পারে সেই ব্যাপারে কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিগোকে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের ঠিক ১০০ দিন বাকি থাকতে এলো তার এই চোটের খবর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত