‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ’

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে থেকে আগেই বিদায় নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও তাদের যাত্রা থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগায়ও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে তারা। লা লিগায় আজ মঙ্গলবার রাত দেড়টায় আলাভেসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ আলভারো আরবেলোয়া ঘরোয়া লিগে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য আংশিকভাবে স্প্যানিশ রেফারিদের দিকেই ইঙ্গিত করেছেন। বিশেষ করে গত ১০ এপ্রিলের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ওপর বক্সের ভেতরে ফাউল হলেও পেনাল্টি না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আরবেলোয়া বললেন, ‘রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ।’ গত ২০ বছর ধরে মাদ্রিদ লা লিগা জিতেছে সাতবার, সবশেষ ২০২৪ সালে। এই সময়ের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে তারা ট্রফি জিতেছে ছয়টি। তার এই কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘একটা কারণ তো আছেই, অনেকেই সহজে তা বুঝতে পারবে। সাম্প্রতিক বছরগুলোতে লা লিগায় আমাদের জন্য উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। গত কয়েক মাস ধরে আমি মনে করি আমরা দুর্বল প্রতিপক্ষের চেয়ে বড় ও কঠিন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করেছি।’

তিনি আরও বলেন, জিরোনার বিপক্ষে ম্যাচের মতো কিছু বিতর্কিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যা তাদের লা লিগায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ। তার দাবি, এসব কারণেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা তুলনামূলক সহজ হয়ে দাঁড়িয়েছে।

স্প্যানিশ রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগ নতুন নয়। বিশেষ করে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর এ বিতর্ক আরও জোরদার হয়েছে। আরবেলোয়া এটিকে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নি য়েছে রিয়াল। এনিয়ে টানা দুই মৌসুম কোনো শিরোপা জিততে পারছে না তারা। এনিয়ে আরবেলোয়ার ভাষ্য, ‘কোনো কিছু না জিতে দুই মৌসুম, শেষবার ২০ বছরেরও বেশি সময় আগে। রিয়াল মাদ্রিদ এমন ক্লাব, যেখানে সবকিছু স্বাভাবিকভাবে ভালো যায়। এই ক্লাবের মানসিকতা সবসময় ভবিষ্যতের দিকে তাকানো। রিয়াল মাদ্রিদে হার গ্রহণযোগ্য নয়, আমাদের বাকি সাত ম্যাচ জিততে হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত