এবারই ব্রাজিলের শিরোপা জয়ের সেরা সুযোগ : কাফু

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। সবচেয়ে বেশিবার তারা জিতেছে বিশ্বকাপ। এই দলটিই কিনা ২৪ বছর ধরে শিরোপাহীন! সেই ২০০২ সালে সবশেষ বিশ^কাপের সোনালি ট্রফি হাতে নিয়েছিল সেলেসাওরা। এরপর আর হয়ে উঠেনি।

তবে ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার কাফু মনে করছেন, ২০২৬ বিশ্বকাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য আবারও শিরোপা জয়ের সেরা সুযোগ। ২৪ বছর পর বিশ^কাপ জয়ের আশায় তিনি আশাবাদী।

মাদ্রিদে অনুষ্ঠিত লরিয়াস এওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাফু বলেন, ‘শেষ শিরোপার ২৪ বছর পর আমি মনে করি, এটা ব্রাজিলের জন্য উপযুক্ত সময়।’ কাফু ছিলেন ২০০২ সালের বিশ^কাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক। ওই আসরের ফাইনালে ব্রাজিল ২-০ গোলে জার্মানিকে হারায়। এছাড়া ১৯৯৪ সালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন। বর্তমান ব্রাজিল দলে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন কার্লো আনচেলত্তি, যাকে ‘সিরিয়াল উইনার’ হিসেবে উল্লেখ করেছেন কাফু।

তার মতে, দলের আক্রমণভাগ ও মিডফিল্ড শক্তিশালী থাকলেও রক্ষণভাগ আরও মজবুত করার দিকে নজর দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

কাফু বলেন, ‘যদি ব্রাজিল বিশ^কাপে গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচেই অন্তত একটি গোল করতে পারবে।’ ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়, যা শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ওপরও বড় প্রত্যাশা রাখছেন কাফু। সাম্প্রতিক সময়ে বিতর্কে জড়ালেও বিশ^কাপ মঞ্চকে নিজেকে প্রমাণের সেরা সুযোগ হিসেবে দেখছেন তিনি।

এছাড়া তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের প্রশংসা করে কাফু বলেন, ‘সে ভবিষ্যতে দলের জন্য অনেক অবদান রাখতে পারবে।’ ফরাসি ক্লাব অলিম্পিক লিওনাইসে লোনে খেলার অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর তালিকায় ব্রাজিলকে শীর্ষ পাঁচে রাখা হয়েছে। বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত