চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে হোঁচট খেল বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদর কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে ওঠার পথে কঠিন চ্যালেঞ্জে পড়েছে হান্সি ফ্লিকের দল। ২০০৬ সালের পর ন্যু ক্যাম্পে এটিই আতলেতিকোর প্রথম জয়।

ম্যাচের শুরু থেকে বার্সেলোনা বল দখলে এগিয়ে থাকলেও ভাগ্য তাদের সহায় ছিল না। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ঘটে ম্যাচের সবচেয়ে বিতর্কিত ও মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। আতলেতিকোর হিলিয়ানো সিমিওনে যখন একা বার্সার বক্সে ঢুকে পড়ছিলেন, তখন তাঁকে ফাউল করে বসেন তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। রেফারি ইস্তভান কোভাকস প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর রিভিউয়ের পর সিদ্ধান্ত বদলে কুবারসিকে সরাসরি লাল কার্ড দেখান।

বার্সার দুর্ভাগ্য যেন সেখানেই শেষ হয়নি। কুবারসির সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। ১০ জনের দলে পরিণত হয়ে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর ১০ জন নিয়ে খেলেও আক্রমণের ধার কমায়নি বার্সেলোনা। ৫০তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পান রাশফোর্ড, কিন্তু গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে নেওয়া তার শট জালে না গিয়ে পাশ দিয়ে বেরিয়ে যায়।। বার্সেলোনা যখন গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করছিল, ঠিক তখনই প্রতি-আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি হজম করে তারা। মাত্তেও রুগেরির নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আলেকজান্ডার সরলথ।

এই হারের ফলে আগামী মঙ্গলবার আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। দুই গোলের ব্যবধান ঘুচিয়ে সেমিফাইনালে ওঠা বার্সেলোনার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত ফেব্রুয়ারিতে একই মাঠে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলে হারার স্মৃতিও ভাবাচ্ছে ফ্লিকের দলকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত